1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার অবদানের প্রশংসা পশ্চিমবঙ্গ বিধানসভায়, পরিবারের জন্য পাঠানো হলো শোকবার্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গৃহীত শোকপ্রস্তাবের অনুলিপি তার পরিবারের কাছে পৌঁছে দিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সহযোগিতা চেয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা।

গত ২ জুন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। ওই অধিবেশনের কার্যবিবরণী থেকে সংশ্লিষ্ট অংশের অনুলিপি চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, শোকপ্রস্তাবসংবলিত ওই অনুলিপি যেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়।

সংযুক্ত কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ৩ ফেব্রুয়ারির অধিবেশনে স্পিকার খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করেন। পরে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

চিঠি অনুযায়ী, শোকপ্রস্তাব গ্রহণের প্রায় চার মাস পর তা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের উপ-হাইকমিশনের সহায়তা চাওয়া হয়েছে।

শোকপ্রস্তাবে খালেদা জিয়াকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব দিয়েছেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়া নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদানের কথাও শোকপ্রস্তাবে তুলে ধরা হয়। একই সঙ্গে তাকে একজন প্রকৃত গণতন্ত্রী এবং সমকালীন দক্ষিণ এশিয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করা হয়।

শোকপ্রস্তাবে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

 

সুত্র দেশ রূপান্তর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!