1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

অস্থিতিশীলতা সৃষ্টিই বিরোধীদলের লক্ষ্য, জনগণের স্বস্তির জন্য বাজেট: কক্সবাজারে তারেক রহমান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স


দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করাই বর্তমান বিরোধীদলের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করছে, অথচ বিরোধীদল তা নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের পিএমখালী এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং বহু পণ্যকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে।

তিনি বলেন,
“বিরোধীদল বলছে, এই বাজেট গণবিরোধী। যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সেটাও তারা মানে না। যে বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সেটাও তারা মানে না। তাদের একমাত্র উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।”

তারেক রহমান জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারা দেশে ব্যাপক খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যার মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং ১ হাজার ২০০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।

তিনি বলেন,
“ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিএনপির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণের জন্য।”

পথসভায় প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে সকালে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুই যুগ পর কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাকে স্বাগত জানান।

গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পিএমখালীর পাতলী খাল সেই কর্মসূচির অন্যতম স্মারক। ১৯৭৯ সালের নভেম্বরে তিনি নিজেই এই খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পাঁচ বছর মেয়াদি জাতীয় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ এগিয়ে চলছে।

পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সুত্র ভোরের ডাক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!