1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বরুড়ায় প্রবীণ দর্জি মোবারক হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় চোওরী গ্রামের প্রবীণ ব্যক্তি কারী মো. মোবারক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বরুড়া বাজারের জিরো পয়েন্ট এলাকায় চোওরী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক মুন্সি, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সফিউল্লাহ, সাবেক সেনাসদস্য কেফায়েত উল্লাহ, প্রবাসী বাবুল হোসেন, শশইয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মাসউদ আলম পাটোয়ারী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চোওরী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কারী মো. মোবারক হোসেন একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তাঁর এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো গ্রামবাসী শোকাহত ও মর্মাহত। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, একজন প্রবীণ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে কারী মো. মোবারক হোসেন হত্যাকাণ্ডের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চোওরী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনের একটি বাঁশঝাড় থেকে কারী মো. মোবারক হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন শুক্রবার (২৩ অক্টোবর) বরুড়া বাজারে দর্জির কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!