
মোঃ ফখরুল মোস্তফা, জেলা প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা পর্যায়ের নেতারা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন।
২ নম্বর চানন্দী ইউনিয়ন যুবদল পূর্ব শাখার সভাপতি আলাউদ্দিন জিয়ার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল পশ্চিম শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল তালুকদার।
এ সময় বক্তব্য দেন ২ নম্বর চানন্দী ইউনিয়ন যুবদল পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াব হেলালসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন ইলিয়াছ বলেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তা ফাহিম উদ্দিন বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে আলাউদ্দিন জিয়া বলেন, চানন্দী ইউনিয়নে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় চানন্দী ইউনিয়নসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।