
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া
চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পুকুরে সাঁতার কাটছিল জিহাদ। একপর্যায়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারে নেমে আসে আহাজারি। এ ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।