
অনলাইন ডেক্স
সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে তাকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজলুল হক আমিনী (৪৫) উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত কারী গোলাম রসুলের ছেলে।
দেবহাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় কালিগঞ্জ ও দেবহাটা থানা পুলিশ এবং এসআরবি-৬ এর সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য ঃ গত ১৩ অক্টোবর দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ এনে ফজলুল হক আমিনী লাইভে এসে মানুষ জড়ো করে তার উপর দুদফা হামলা চালায়। এতে ওই যুবক গণপিটুনির শিকার হয়ে একপর্যায়ে মারা যান।
এঘটনায় উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে ও নিহতের বড় ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। এদিকে, মামলা দায়েরের পর থেকে প্রধান আসামি ফজলুল হক আমিনীসহ আসামিরা আত্মগোপনে চলে যায়। পুলিশ এ মামলায় ইতোমধ্যে আজ পর্যন্ত এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীসহ তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।