
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারগামী শিক্ষা সফরের একটি বাস চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ দুর্ঘটনায় মাদরাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন মাদরাসার শিক্ষিকা সোহানা আফরোজ ও সাখাওয়াত হোসেন ইসরাফিল।
জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি বাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। শনিবার ভোরে তাঁদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা পানিতে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, ইটভাটার শ্রমিক, পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, বুড়িচংয়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফরে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।