
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। নির্বাচনকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে “Electoral Management Exercise” শীর্ষক জাতীয় নির্বাচনের ভোটের মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
তিনি জানান, ভোটের মহড়ায় ভোটকেন্দ্রে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ–২০২৬’ এর ব্যবহার প্রদর্শন করা হয়েছে। এবারের নির্বাচন পরিচালনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো—ইনশাআল্লাহ।”
সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের ভোটকেন্দ্রে না যাওয়ার প্রচারণা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগের বেশিরভাগ নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের গুটিকয়েক সমর্থক রয়েছে। বিদেশে বসে চালানো এসব অপপ্রচারণায় জনগণের কোনো সাড়া মিলবে না।”
তিনি আরও বলেন, সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোক তারা। এ ধরনের নেতিবাচক প্রচারণায় কান না দিয়ে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে এবারের নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। কারণ, জনগণ বিগত তিনটি নির্বাচনে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি।
“Electoral Management Exercise” মহড়ায় একটি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও ভোটদান প্রক্রিয়ার সবগুলো ধাপ বাস্তবসম্মতভাবে প্রদর্শন করা হয়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত
ফয়সল হাসান
জনসংযোগ কর্মকর্তা
(উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়