1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশি অভিযান: আটক একাধিক ব্যক্তি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
32

ঢাকা, ১ জুন: বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের প্রথম জানাজাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়া (তাকওয়া মসজিদ) প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জানাজা শেষে উপস্থিত কয়েকজন ব্যক্তি হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে। পরে ঘটনাস্থল থেকে ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়।

এডিসি জিসানুল হক বলেন, “মরদেহবাহী গাড়ি যাতে নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারে, সে ব্যবস্থা আমরা করেছি। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে তাদের আটক করা হয়েছে। তবে সাধারণ কেউ আটক হয়ে থাকলে যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।”

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে লাইফ সাপোর্টে ছিলেন।

আগামীকাল (মঙ্গলবার) ভোলার নিজ গ্রামে তাঁর পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের অন্যতম ছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

তিনি মোট নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে শিল্প, বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!