1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কোরবানির চামড়ায় ধস: ৩ লাখ ৬০ হাজার টাকার গরুর চামড়া বিক্রি মাত্র ২৮০ টাকায়!

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
31

ছাগলের চামড়া ১০ টাকা, গরুর চামড়া ৫০ থেকে ৭০০ টাকায় কিনছেন ব্যবসায়ীরা; বিক্রি না হওয়ায় মাদ্রাসায় দান করছেন অনেকে 

অনলাইন ডেক্স

বগুড়ায় এবারও কোরবানির পশুর চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী, বিক্রেতা ও সাধারণ মানুষ। সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও বাস্তবে সেই দামের কোনো প্রতিফলন নেই বাজারে। বিক্রি করতে না পেরে অনেকেই চামড়া নিয়ে পথে পথে ঘুরছেন, আবার কেউ বাধ্য হয়ে স্থানীয় মাদ্রাসায় দান করে দিচ্ছেন।

জানা গেছে, জেলায় ছোট-বড় মোট ৩৪৫ জন চামড়া ব্যবসায়ীর মধ্যে এবার চামড়া কিনছেন মাত্র ১৫৬ জন। ফলে বাজারে তৈরি হয়েছে অচলাবস্থা।

মহাস্থান এলাকার রহেদুল ইসলাম জানান, তিনি ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছেন। অথচ সেই গরুর চামড়া বিক্রি করতে পেরেছেন মাত্র ২৮০ টাকায়। এতে তিনি চরম হতাশা প্রকাশ করেন।

অন্যদিকে, অনেক এলাকায় ছাগলের চামড়া মাত্র ১০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। ক্রেতা না থাকায় বহু মানুষ স্থানীয় মাদ্রাসাগুলোতে চামড়া দান করে দিচ্ছেন।

বগুড়া নগরের নামাজগড় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুর রহমান বলেন,
“বিভিন্ন এলাকার মানুষ মাদ্রাসায় চামড়া দান করেছেন। ১৭৬টি ছাগলের চামড়া বিক্রির জন্য নগরের বাদুরতলা ব্যবসায়ীদের কাছে ১০ টাকা পিস দরে বিক্রি করতে হয়েছে। এতে গাড়ি ভাড়াও ওঠেনি।”

বাদুরতলার চামড়া ব্যবসায়ী ফারুক হোসেন বলেন,
“সরকার শুধু দাম নির্ধারণ করেছে, কিন্তু সরকার তো চামড়া কিনছে না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিনছি। সবচেয়ে বড় গরুর চামড়া ৭০০ টাকা, আবার ছোটগুলো ৫০ টাকা পিসেও কিনছি। তাও ঢাকার ট্যানারির কাছে সেই দামে বিক্রি করতে পারব কি না সন্দেহ আছে। ফলে চামড়া কিনেও বিপাকে আছি।”

জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুকুল হোসেন বলেন,
“সরকারি দরে চামড়া কিনলে আমাদের পথে বসতে হবে। কারণ ওই দামে ঢাকার ট্যানারি মালিকরা আমাদের কাছ থেকে চামড়া কিনবে না। এছাড়া তারা প্রতি বছরই বাকিতে চামড়া কিনে সময়মতো টাকা পরিশোধ করে না। এখনও গত বছরের প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে।”

চামড়ার এমন দরপতনে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে কোরবানিদাতা, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। প্রতি বছরের মতো এবারও কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ চামড়া যেন হয়ে উঠেছে অবহেলা আর লোকসানের প্রতীক।

সুত্র সমকাল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!