1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে পূজা দিতে গিয়ে পুকুরপাড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে মিরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা ওই এলাকার দাস বাড়ির পলাশ দাসের স্ত্রী।

জানা গেছে, রোববার রাত ১২টার দিকে উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানালেও তার উত্তোলনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিহতের স্বজন বাদল দাশ বলেন, ‘দুর্গাপূজার অষ্টমীর দিনে অশ্বিনীকুমার ব্রতের ভাত নামে আমাদের একটি পূজা ছিল আজ। সেই পূজার আনুষ্ঠানিকতা করতে পূজার সরঞ্জাম নিয়ে সকালে বাড়ির পাশের পুকুরে যায় প্রিয়াঙ্কা দাশ।

পুকুরপাড়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ একটি তার ছিঁড়ে পড়েছিল। না জেনে সে ওই ছিঁড়ে তারটি ধরতেই গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রিয়াঙ্কার মরদেহ উদ্ধার করে। পূজার দিনে মুহূর্তে আনন্দটা বিষাদে রূপ নিল।’

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের টিম গিয়ে ৩ ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। যোগাযোগ করা হলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র মিরসরাই জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) আদনান আহমদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হটলাইন নাম্বারে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। ভোর সাড়ে ৪টার দিকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে বলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এরপর সকালে সাড়ে ৮টার দিকে একজন ফোন দিয়ে বলে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য। পরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা গ্রামীণ অফিসে গত ২৪ ঘণ্টায় কোন কোন নাম্বার থেকে ফোন এসেছে এসব তথ্য জানতে চেয়েছি। ওই মহিলা কিভাবে মারা গেছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!