
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় ইয়াবা সেবন ও জুয়ার আসরকে কেন্দ্র করে দুই বাড়ির কিশোরদের বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এতে হামলার শিকার হয়ে এক গাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) রাতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. কামাল উদ্দিন (৫০) একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেসি সরদার বাড়ির মৃত সোলাইমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জুয়া খেলা ও ইয়াবা সেবনকে কেন্দ্র করে রাত ৯টার দিকে দুই বাড়ির কিশোরদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে লেসি সরদার বাড়ির লোকজন মিনু হাজী বাড়ির কয়েকজনকে আটকে রাখে।
পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় হামলার শিকার হয়ে কামাল উদ্দিন গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে তাকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাম চন্দ্র ভট্টাচার্য জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।