
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়, শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশের আহ্বান….
কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) চান্দিনা উপজেলা অডিটোরিয়ামে চান্দিনা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, পুলিশ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চান্দিনা থানার সাব-ইন্সপেক্টর এনাম। এরপর স্বাগত বক্তব্য দেন চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।
‘পরিবার সচেতন হলেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতিকুল আলম শাওন মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করে, সেদিকে পরিবারকে নজর রাখার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন, খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদক ও অপরাধপ্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
চান্দিনাকে সুস্থ ও মাদকমুক্ত করার প্রত্যয় ইউএনওর
বিশেষ অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক বলেন, চান্দিনাকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে শুধু অভিযাননির্ভর না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
চান্দিনা বাজারের বিভিন্ন সমস্যা নিয়েও তিনি কথা বলেন। একই সঙ্গে বাজারের ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
‘আপনাদের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ব’—ওসি নুরুজ্জামান
স্বাগত বক্তব্যে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং সদস্য এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, চান্দিনাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ দায়িত্বশীলভাবে কাজ করবে। মাদক ব্যবসা, মাদক সেবন এবং মাদককে কেন্দ্র করে সৃষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও পুলিশ কাজ করবে।
তিনি আরও বলেন, একটি পরিবার সচেতন হলে একটি সন্তানকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব। তাই প্রতিটি পরিবারকে সন্তানের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে দায়িত্বশীল নজরদারি রাখার আহ্বান জানান তিনি।
কমিউনিটি পুলিশিং নেতাদের মাদকবিরোধী আহ্বান
সমাবেশে বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারি শহিদুল ইসলাম। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে সফল করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে। এলাকার কোথাও মাদক বিক্রি বা মাদকসেবনের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ মো. আলমগীর খান মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, কিশোর ও তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কমিউনিটি পুলিশিং উপজেলা সভাপতি কাজী এরশাদও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে মাদক ব্যবসায়ীদের জন্য এলাকায় কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।
শিক্ষার্থীদের খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান
সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। অথচ মাদকের কারণে অনেক তরুণ তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে সময় দিতে হবে এবং তাদের পড়াশোনা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মাদকবিরোধী র্যালি
সমাবেশ শেষে চান্দিনা থানা পুলিশের উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি চান্দিনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় চান্দিনাকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।