
নিজস্ব প্রতিনিধি কুমিল্লা।
কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত টানা ১১ দিনের অভিযানে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে মোট ২ হাজার ৭৬৫ জনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের সব ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযানে অংশ নেয়। জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থান, কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন এলাকা এবং মাদক ও ছিনতাইপ্রবণ স্থানে বিশেষ নজরদারি ও অভিযান চালানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশগ্রহণ করেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ২ হাজার ৭৬৫ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোর অপরাধ, মাদক, ছিনতাই ও চুরি প্রতিরোধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তবে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি ও মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কুমিল্লা জেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।