
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজারসংলগ্ন হারিচাইল গ্রামে অগ্নিকাণ্ডে দুলাল প্রদানিয়ার দোকান মার্কেট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মার্কেটের ভাড়াটিয়া রাকিব স্টোরের মুদি দোকান ও হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
রাকিব স্টোরের মালিক জানান, দুলাল প্রদানিয়ার মার্কেটটি ভাড়া নিয়ে এক পাশে মুদি দোকান এবং অন্য পাশে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। দোকানের পাশেই তাদের বাড়ি। রাত আনুমানিক ৩টার দিকে আগুন লাগার খবর ও চিৎকার শুনে দোকানে এসে দেখতে পান, আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
মার্কেটের মালিক দুলাল প্রদানিয়া জানান, প্রায় ১০ বছর ধরে তিনি দোকানটি ভাড়া দিয়ে আসছেন। অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। পাশাপাশি আগুনের তীব্র তাপে তার মার্কেটের ভবনেও ফাটল ধরে ব্যাপক ক্ষতি হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
মার্কেট মালিক দুলাল প্রদানিয়া পূর্বশত্রুতার জেরে নাশকতামূলকভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।