
মোঃ আমিনুল ইসলামঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে পারিবারিক কলহের জের ধরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোম্বাইশ গ্রামের বাসিন্দা মুহাম্মদ তকদীর হোসেনের সঙ্গে তার স্ত্রী রাশেদা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার রাতে ওই কলহের জেরে তকদীর হোসেন তার নিজ বসতঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে তার নিজ বসতভিটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তার ঘরের আসবাবপত্রও আগুনে পুড়ে যায়।
আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে তার নিকটতম প্রতিবেশী মাওলানা খায়েজ আলমের বসতঘরেও আগুন লেগে যায়। এতে তার ঘরের বিদ্যুতের মিটার, মেইনসুচ ও ঘরের এক কোন এবং এক পাশের বেড়া পুরো জ্বলসে যায়। এ ঘটনায় তকদীর হোসেন নিজে এবং প্রতিবেশী মাওলানা খায়েজ আলম উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আগুন লাগার পর পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বরুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তকদীর হোসেনের প্রতিবেশী মাওলানা খায়েজ আলম জানান, তকদীরের ঘরের পাশে আমরা ৩ পরিবার বসবাস করছি। আমি, মোশারফ হোসেন ও গোলাম মোস্তফা। এর মধ্যে আমার ঘরের বিদ্যুতের মিটার, মেইন সূচ, ঘরের এক কোণ ও এক পাশের বেড়া জ্বলসে যায়। আগুন নিয়ন্ত্রণে না আনলে আমার ঘরে থাকা আমার ছোট্ট ছেলে, আমার শাশুড়ী, আমার একমাত্র মেয়ে (এস,এস,সি পরীক্ষার্থী), আমি ও আমার স্ত্রীসহ পরিবারের পাঁচ জন সদস্য আগুন পুড়ে যেতাম। মহান আল্লাহ পাক আমাদেরকে জীবনে বাঁচিয়েছেন।
ঘটনার পর বরুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন।
এদিকে ঘটনার পরদিন স্থানীয় ইউনিয়ন পরিষদে তকদীর হোসেনকে ডাকা হয়। সেখানে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে তিনি আগুন লাগানোর কথা স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।