
মোঃ আমিনুল ইসলামঃ
বন্ধুত্বের গুরুত্ব আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। হাফিজ মাওলানা মাহবুবুল হক আমার কৈশোরের বন্ধু। সে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন পেয়েছে। আমি খেলাফত মজলিস তো নয়, কোন দলই করি না। তবে সে নির্বাচনে দাঁড়ালে বন্ধু হিসেবে আমি আমার অবস্থান থেকে তার পাশে থাকব। বন্ধুত্বের দায়বদ্ধতা ও দীর্ঘদিনের পরিচয়ের জায়গা থেকেই আমার এই অবস্থান।
প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ খেলাফত মজলিস এই আসনের জন্য মাহবুবকে কেন যোগ্য প্রার্থী মনে করেছে? এই প্রশ্ন আমারও আছে। আমি অবশ্য দাবি করব না যে মাহবুবই এই আসনের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে বুকে হাত দিয়ে বলতে পারি, জামায়াত ও এনসিপির প্রার্থীদের তুলনায় নির্বাচনী মাঠে পুরান ঢাকার মানুষের সঙ্গে সম্পর্ক, এলাকার অভিজ্ঞতা এবং স্থানীয় বাস্তবতা বোঝার ক্ষেত্রে হাফিজ মাওলানা মাহবুবুল হক অনেক বেশি যোগ্য।
এর পেছনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। মাহবুব এই অঞ্চলেই জন্মেছে, বেড়ে উঠেছে। সে শুধু শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (র.)-এর দ্বিতীয় ছেলে নয়, শুধু একজন হাফেজ কিংবা আলেমও নয়; সে পুরান ঢাকার মাটি ও মানুষের সঙ্গে শৈশব থেকে মিশে থাকা একজন মানুষ।
এক সময় সে লালবাগ শাহী মসজিদ মাদরাসার ছাত্র, সেই সময় সে লালবাগ ফুটবল টিমের ভালো ও পরিচিত গোলরক্ষক ছিলো। আমিও লালবাগ মাদরাসার ছাত্র।
আমি যখন লালবাগ ক্রীড়াচক্রে কম্পু শিখি, তখন মাহবুব ফুটবল দলের সদস্য হিসেবে খেলত। সেই সময় লালবাগ দৈনিক আজাদ পত্রিকা অফিসের সামনে একটি মাঠ ছিলো, সেই মাঠের পাশে লালবাগ ক্রিয়াচক্রের কম্পু শিখার একটা ঘর ছিলো। মাঠে ফুটবল খেলাও হতো।
সেই ছোটবেলার স্মৃতিগুলো আজও আমার মনে আছে।
আমরা কৈশোরে পায়ে হেঁটে লালবাগ, চকবাজার, ছোট কাটারা, বড় কাটারা, বকশীবাজার, আজিমপুর, হাজারীবাগ, কেল্লার মোড়, পুস্তা, কামরাঙ্গীরচর, ইসলামপুর, হাজারীবাগসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি। সেখানকার নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশেছি।
আমি ১৯৮৫/ ৮৬ খ্রিস্টাব্দের কথা বলছি। অবশ্য আমি ঢাকা থেকে সিলেট ফিরে গেলেও মাহবুবের আরও তা প্রয়োজন হয়নি। ফলে তাঁর এই পথচলা শুধু শৈশব বা কৈশোরে সীমাবদ্ধ থাকেনি; জন্ম থেকে আজ পর্যন্ত এই এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। কারণ সে পৈতৃক সূত্রে পুরাণ ঢাকার মানুষ।