
নিজস্ব রিপোর্টার
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক অবৈধ ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর মাঠ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯,০০,০০০ টাকা (ঊনচল্লিশ লাখ) বলে জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলো বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন।
স্থানীয়দের মতে, বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হচ্ছে।