
স্টাফ রিপোর্টার
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম বন্ধে আজ থেকে সারাদেশে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সোমবার (২৩ মার্চ) রাজধানীর শ্যামলী এলাকায় একটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। এসময় নানা অনিয়মের অভিযোগে একটি হাসপাতাল সিলগালার নির্দেশও দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতাল-ক্লিনিকে আর কোনো অনিয়ম চলবে না। মানুষের সেবার স্বার্থেই আজ থেকে কঠোর অভিযান শুরু করছি।”
তিনি জানান, প্রথমে রাজধানীর শ্যামলী থেকে আসাদগেট এলাকা দিয়ে অভিযান শুরু হবে এবং পর্যায়ক্রমে তা ঢাকা মহানগরীসহ সারাদেশে বিস্তৃত করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় একাধিক ভুক্তভোগী চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ তুলে ধরেন। অভিযোগ রয়েছে, অদক্ষ ও ভুয়া চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার পর্যন্ত করা হচ্ছিল।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, প্রতিটি হাসপাতাল ও ক্লিনিক নির্দিষ্ট চেকলিস্ট অনুযায়ী পরিদর্শন করা হবে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তা সংশোধনের জন্য স্বল্প সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিশেষ টিম গঠন করে এই অভিযান পরিচালনা করা হবে এবং অনুমোদন, জনবল ও সেবার মান যাচাই করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, তবে মানুষের সেবার সঙ্গে আপস করা হবে না। স্বাস্থ্যখাতকে শৃঙ্খলার মধ্যে আনতেই এই অভিযান।”