মো. ফখরুল মোস্তফা নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মফিজিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নূরসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।
তিনি বলেন, “সুষ্ঠু সমাজ বিনির্মাণে মাদক প্রতিরোধ করতেই হবে। এ ক্ষেত্রে সমাজের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে না, বরং পরিবার ও সমাজের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার পাশাপাশি তাদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষসহ প্রায় ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। দুপুরে শুরু হওয়া এ সমাবেশ বিকেল পর্যন্ত চলে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত