মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় ধানখেতে কীটনাশক স্প্রে করার পর বিষাক্ত বাষ্প শ্রেণিকক্ষে প্রবেশ করে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে প্রশাসনের তদন্তে কীটনাশকের বিষাক্ত বাষ্প থেকেই শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নম্বর তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে। সোমবার দুপুরে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ১০ম শ্রেণির ১৬ শিক্ষার্থী হঠাৎ মাথা ঘোরা, বমি ভাব ও অস্থিরতা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৩ জন অচেতন হয়ে পড়লে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রাতে তারা বাড়ি ফিরে যায়।
ঘটনার কারণ অনুসন্ধানে মঙ্গলবার সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম বিদ্যালয়টি পরিদর্শন করে। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তদন্তে জানা যায়, বিদ্যালয়ের পশ্চিম-উত্তর পাশে একটি ধানখেতে ‘এসিমিক্স’ নামের কীটনাশক স্প্রে করা হয়েছিল। বিদ্যালয়ের কাছাকাছি জমিতে কীটনাশক প্রয়োগের ফলে এর বিষাক্ত বাষ্প বাতাসের সঙ্গে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়।
জোড়খালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, ঘটনার পর শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে ঘটনার কারণ শনাক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে। অসুস্থ ১৬ শিক্ষার্থী চিকিৎসা শেষে সুস্থ হয়ে মঙ্গলবার আবার বিদ্যালয়ে এসে ক্লাসে অংশ নিয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, বিদ্যালয়ের পাশে জমিতে একজন কৃষক ওই কীটনাশক স্প্রে করেছিলেন। তদন্তের সময় কৃষক তার কাছে থাকা কীটনাশকের বোতলটি প্রশাসনের কাছে জমা দেন। বোতলের গায়ে কীটনাশকের তীব্র ঘ্রাণ বা সংস্পর্শে মাথা ঘোরা, বমি ভাব, অস্থিরতা ও চেতনা হারানোর মতো প্রতিক্রিয়ার সতর্কতা উল্লেখ রয়েছে। তদন্তের স্বার্থে বোতলসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিদ্যালয় চলাকালে স্কুলের সীমানাসংলগ্ন জমিতে কোনো ধরনের কীটনাশক স্প্রে না করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের আশপাশে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হলে ছুটির দিন, বিশেষ করে শুক্র ও শনিবার তা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এ ঘটনায় আক্রান্ত ১৬ শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত