সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটি সাধারণ সম্পাদকসহ দলটির ১৯ নেতাকর্মীকে আসামি করে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টায় মামলাটি থানায় রুজু করা হয়। মামলাটির বাদী হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের সোহাগ তালুকদার (৩৮)।
নাশকতামূলক কর্মকাণ্ড ও মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে এই মামলা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল এবং বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ তালুকদার। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ১ নম্বর সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় জামিয়া আবু হুরাইরা (রা.) এতিমখানা মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসামিরা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. আকতার হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত