রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত এলাকার অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টারগুলো উচ্ছেদ করা হয়।
বুধবার (৮ এপ্রিল) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গত ১০ মার্চ ডিএসসিসির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজ এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। প্রাথমিক জরিপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত সায়েদাবাদ কাউন্টারকেন্দ্রিক মোট ২৪০টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে।
অভিযানে চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
সায়েদাবাদের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করছে দক্ষিণ সিটি করপোরেশন।
জানা গেছে, মগবাজার মোড় থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন ও আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হেয়ার রোড ও শিক্ষা ভবন এলাকায়ও এ অভিযান পরিচালিত হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টার স্থাপনের ফলে তীব্র যানজট ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কঠোর অবস্থান নিয়েছে।
অবৈধ কাউন্টারসমূহ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। যানজটমুক্ত ও চলাচলে শৃঙ্খলা আনতে এই কার্যক্রম চালিয়ে যাবে বলে নগর সংস্থাটির পক্ষা থেকে বলা হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত