সিলেট প্রতিনিধি।।
সিলেটে নিজ বাড়ির তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাকের (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমার তেলিরাই গ্রামের নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, আজ সকালে ফজরের নামাজ শেষে ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। পরে সকাল ৯টার দিকে গৃহকর্মী বাড়িতে এসে তাঁকে না পেয়ে খোঁজ শুরু করলে তৃতীয় তলার সিঁড়ির পাশে একটি কক্ষে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত