
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি।।
ঢাকাগামী ফারহান-০৪ লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হাতিয়াতে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী শহরে এ কাউন্টার মিছিলে মারামারির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষকদের বিচার চেয়ে রাত ৮টার দিকে এনসিপি এবং যুবশক্তি একটি মিছিল বের করে উপজেলার হাসপাতালের দিক থেকে জিরো পয়েন্টের দিকে যায়। তার উত্তর দিক থেকে যুবদলের একটি মিছিলও একই স্থানে জড়ো হয়। পরে উভয় পক্ষের মাঝে হাতাহাতির এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়।
এসময় হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজা ও ছাত্র শক্তির আহ্বায়ক নিয়ামত উল্ল্যাহ নিরব আহত হয়।
অপরদিকে ইটপাটকেলের আঘাতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, পৌরসভা যুবদল নেতা আশিক, শাখাওয়াত হোসেন হিরো আহত হয়। আহতরা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, দুই দল পাল্টাপাল্টি মিছিল বের করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ফারহান-০৪ লঞ্চে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে।
সোমবার (৯ মার্চ) ভিক্টিমের ভাই বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে।
ধর্ষকরা হলেন মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন ৮নং ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে এবং হাতিয়া উপজেলা এনসিপির সভাপতি শামছল তীব্রিজের ছোট ভাই।