মোঃ আমিনুল ইসলাম
লক্ষ্মীপুরে আয়োজিত ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স–২০২৬’-এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন SBAC Bank PLC-এর রামগঞ্জ শাখার স্টুডেন্ট ব্যাংকিং প্রতিনিধি ও রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ চক্রবর্তী। তাঁর এ সাফল্যে রামগঞ্জ সরকারি কলেজ এবং SBAC Bank PLC-এর রামগঞ্জ শাখার সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও তত্ত্বাবধানে লক্ষ্মীপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৩০টি ব্যাংকের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা দেওয়া, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক শেখ আহোনা হাকিম, সোনালী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার এজিএম মোহাম্মদ ইউসুফ এবং জনতা ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ওয়াজি উল্লাহ।
সম্মেলনে রামগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে অংশ নেন কলেজটির সহকারী শিক্ষক জাবেদ আহমদ। SBAC Bank PLC-এর রামগঞ্জ শাখার প্রতিনিধিত্ব করেন শাখার FEO ও অপারেশন ম্যানেজার মো. মুক্তার হোসেন এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মিনহাজ মোঃ তালুকদার।
দিনব্যাপী সম্মেলনে ব্যাংকিং সেবা, স্কুল ব্যাংকিং, শিক্ষার্থীদের সঞ্চয়ের গুরুত্ব, আর্থিক অন্তর্ভুক্তি এবং বাংলা কিউআরসহ আধুনিক ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে অনিরুদ্ধ চক্রবর্তী প্রথম স্থান অর্জন করলে অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী মুতমাইন্না তাহমিদা তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ অর্জন শুধু অনিরুদ্ধের ব্যক্তিগত সাফল্য নয়, বরং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান রামগঞ্জ সরকারি কলেজ এবং SBAC Bank PLC-এর রামগঞ্জ শাখার জন্যও গর্বের বিষয়।
অনিরুদ্ধ চক্রবর্তীর এ কৃতিত্বে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ব্যাংকিং জ্ঞান ও আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল সঞ্চয়ী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত