এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার।।
কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর ‘ক্লু-লেস’ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটো মিশুক ছিনতাই করতে গিয়ে চালক শামসুল আলমকে (৫১) শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার হলুদিয়াপালং এলাকার আব্দু শুক্কুর (৩৮), রামুর খুনিয়াপালং এলাকার গুরা মনিয়া (২২) এবং উখিয়ার পাগলির বিল এলাকার হোছন (১৯)।
পুলিশ জানায়, রামু থানার এসআই (নিঃ) মো. শওকত জামিল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন। পরে ৮ মে থেকে ৯ মে পর্যন্ত রামু ও উখিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ভিকটিম শামসুল আলমকে কক্সবাজার সদর এলাকা থেকে মালামাল আনার কথা বলে ১ হাজার ২০০ টাকায় ভাড়া করেন আসামিরা। পরে তাকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান কারখানার পেছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়।
সেখানে অটো মিশুকের চাবি চাইলে চালক শামসুল আলম বাধা দেন। একপর্যায়ে আসামিরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মুখে মাস্ক পরিয়ে মরদেহ ফেলে রেখে অটো মিশুক নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, হত্যার পর অটোগাড়িটি উখিয়ার মরিচ্যা এলাকার একটি ইটভাটার পাশে রাখা হয়। পরদিন কোটবাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে দেয় আসামিরা। পরে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
এদিকে, প্রধান আসামি আব্দু শুক্কুর আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রামু থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত ও ছিনতাইকৃত অটো মিশুক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত