
অঞ্জনা চৌধুরী,
২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত যমুনা নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি বেড়জাল ও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
অভিযানকালে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিপুর ইউনিয়নের দেলুটিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ কাউছার ইসলাম (২৫)-কে অবৈধ কারেন্ট জাল ও জিরো ম্যাট সাইজের মশারী জাল দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ ও ৪(ক) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে মুচলেকা গ্রহণ করে তাকে তার পিতার জিম্মায় মুক্তি দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রায় ৫ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ কাজিপুর আহম্মেদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া জব্দকৃত অবৈধ জালগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।