নিজস্ব প্রতিবেদন: মোঃ আরিফুল ইসলাম আরিফ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক কিশোরী নিখোঁজের ঘটনায় অপহরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ভিকটিমের মা।
নিখোঁজ কিশোরীর নাম মিস সাদিয়া আক্তার (১৫)। তিনি মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ বরিশাল গ্রামের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বুধবার (১৪ জানুয়ারি) মোরেলগঞ্জ থানায় এজাহার দায়ের করেন ভিকটিমের মা মোসাঃ তাজিনুর বেগম। এজাহারে তিনি মোঃ রাকিব হাওলাদার (২০), তানজিল ফরাজি (১৯), রোমান হাওলাদার (২৭) ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে অপহরণ ও হুমকির অভিযোগ আনেন। অভিযুক্তদের বাড়ি উপজেলার পশুর বুনিয়া গ্রামে বলে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজের দিন সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন ১ জানুয়ারি মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে অনুসন্ধানকালে প্রাইভেট পড়ার সহপাঠীদের মাধ্যমে জানা যায়, অভিযুক্ত মোঃ রাকিব হাওলাদার ও তানজিল ফরাজি দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্ত্যক্ত ও বিরক্ত করে আসছিল। এজাহারে আরও উল্লেখ করা হয়, বাদীর ব্যবহৃত মোবাইল ফোনের ইমু অ্যাপ্লিকেশনের কল ও চ্যাট ডিটেইলস পর্যালোচনায় দেখা যায়, নিখোঁজ হওয়ার আগে এবং ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে কিশোরীর সঙ্গে তানজিল ফরাজির একাধিকবার যোগাযোগ হয়েছিল।
ভিকটিমের সহপাঠীদের বরাত দিয়ে এজাহারে বলা হয়, অভিযুক্তরা নিয়মিতভাবে কিশোরীটিকে বিরক্ত করত। প্রাইভেট শিক্ষক একাধিকবার তাদের সতর্ক করলেও তারা বিষয়টি উপেক্ষা করে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বাদী নিজে অভিযুক্তদের নিষেধ করলে তারা অশালীন ভাষায় কথা বলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি বিষয়টি অভিযুক্তদের পরিবারকে জানানো হলেও তারা কোনো বিচার বা প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।
নিখোঁজের পর অভিযুক্ত রোমান হাওলাদার মামলা করলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে পরিবারকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি; বরং হুমকি অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন বাদী।
বাদীর অভিযোগ, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে অপহরণ বা গুম করেছে এবং পরবর্তীতে পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত