কুমিল্লার দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক সাংবাদিককে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটকের প্রায় ১৮ ঘণ্টা পর আদালতের নির্দেশে মুক্তি পান ভুক্তভোগী সাংবাদিক সোহরাব হোসেন।
সোহরাব হোসেন দৈনিক প্রতিদিনের কাগজের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলা এনসিপি কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত প্রধান তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম ও দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক সোহরাব হোসেন। এ সময় দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক ভবতোষ কান্তি দে-এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে কুমিল্লার সিআর মামলা নং-৫৭০/২০২৫-এর একটি গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
থানায় প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে তার নামে কোনো কার্যকর গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন।
ভুক্তভোগী সাংবাদিক সোহরাব হোসেন বলেন,
আমাকে প্রায় ১৮ ঘণ্টা থানায় আটকে রেখে পরদিন আদালতে পাঠানো হয়। আদালতে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট আমার কাগজপত্র দেখে জানান, আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। ভুয়া ওয়ারেন্টের কারণে আমার সম্মানহানি হয়েছে। এ ঘটনায় বিচার চেয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের পেশকার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক ভবতোষ কান্তি দে বলেন, আদালত থেকে ওয়ারেন্ট আসায় আমরা সোহরাব হোসেনকে আটক করে আদালতে পাঠিয়েছি। তবে আদালতের ওয়ারেন্টের বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করার সুযোগ আমাদের থাকে না।
অন্যদিকে, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের পেশকার মো. জসিম উদ্দিন জানান,
সোহরাব হোসেন ও তার বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি ভুলবশত থানায় চলে গিয়েছিল। তাকে আদালতে নিয়ে আসার পর বিষয়টি যাচাই করে ছেড়ে দেওয়া হয়।
ছবি : ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া
আদালতের পেশকার মো. জসিম উদ্দিন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত