শান্ত মিয়া বিজয় নগর প্রতিনিধি
সরাইল উপজেলা-এর কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুমনের তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তাদের বাড়িতে আসেন। বাড়ির নিজস্ব রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগমের সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যান।
তবে ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। বন্ধুরা চলে যাওয়ার পর সুমনের মা রুমানা বেগমের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সুমন মায়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করলে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা নিয়ে এসে তার ওপর অতর্কিত হামলা চালান।
দায়ের আঘাতে সুমনের বুক, হাত ও কপালে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমানা বেগম পলাতক রয়েছেন।
সরাইল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, “অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো দত্তপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তুচ্ছ ঘটনায় এমন মর্মান্তিক হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত