ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা সদরের বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানালেন, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওকে কেন্দ্র করে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের কথা-কাটাকাটি ও বিরোধ হয়। এ ঘটনার পর থেকে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই মধ্যে বিরোধ মীমাংসার জন্য আজ শনিবার আশুগঞ্জ বাজারে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলেও পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।
আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বললেন, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত