স্টাফ রিপোর্টার—
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানকে ঘিরে পরিচিতি ও মতবিনিময় সভায় উন্নয়ন ও সেবামুখী প্রশাসনের প্রত্যয় দুঙ্গদারভাবে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও প্রেসক্লাবের প্রতিনিধিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সভায় উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ, এনসিপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক জিহাদুল হক বাবু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম কিবরিয়া, হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক সিহাব ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা-ব্যাপী অসংখ্য প্রতিনিধি।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাছিবুর রহমান। পরিচিতি পর্বে তিনি প্রশাসনিক গতিশীলতা, জনসেবা এবং সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,
“বিজয়নগরের উন্নয়নে সকলের সহযোগিতা অপরিহার্য। জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য।”
পরিচিতি পর্ব শেষে সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও পরিবেশসহ উপজেলার বিভিন্ন সমস্যা–সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রতিনিধিরা নিজ নিজ এলাকার সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। ইউএনও মনোযোগ দিয়ে সব বক্তব্য শোনেন এবং সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও আলোচনা হয় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কার্যক্রম নিয়ে। উভয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল ইউএনও হাছিবুর রহমানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। উপস্থিত সবাই তার নেতৃত্বে বিজয়নগর উন্নয়ন ও জনসেবার নতুন অধ্যায় রচিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত