প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৮:১৮ পি.এম
বাল্যবিবাহে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ: কিশোরী রক্ষা, বিয়ের খাবার পৌঁছাল এতিমখানায়
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মানবিক ও তাৎক্ষণিক এই পদক্ষেপে প্রশংসা কুড়িয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের আয়োজন করা হয়েছিল ১৬ বছর ৬ মাস বয়সী সাওদা আক্তার লামিয়ার, যিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করে দেন।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবা সেন্টু মিয়া (৪৫)-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি মুচলেকা দেন—মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আর বিয়ে দেবেন না।
ঘটনার মানবিক দিকও ছিল চোখে পড়ার মতো। বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়েছে, যা এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।
প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ রোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত