
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে হঠাৎ করেই বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (আজ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকার পিএবি সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
ঘটনার একটি প্রায় দুই মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। কিছুক্ষণ সড়কে অবস্থান নেওয়ার পর তারা সেখান থেকে সরে যান।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, মিছিলের বিষয়টি পুলিশের নজরে আসার পর সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।