কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় কবি ও সাংবাদিক সবুজ হোসেনের ওপর হামলা ও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার আড্ডা গরুর বাজারে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সবুজ হোসেন। এ সময় পশ্চিম আড্ডা গ্রামের ফারুক হোসেন নামের এক ব্যক্তি তাকে জোরপূর্বক পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে আড্ডা বাজার থেকে প্রায় দুই শত গজ দূরে মমিন মার্কেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে অপহরণ করে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিলে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
তবে অভিযোগ রয়েছে, ঘটনার পরদিন মঙ্গলবার আবারও আড্ডা বাজারে সবুজ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করা হলে তিনি স্থানীয়দের সহায়তা চান। পরে বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী সবুজ হোসেন বলেন,
"সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি বারবার হামলার শিকার হচ্ছি। স্থানীয় মানুষের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।"
উল্লেখ্য, কবি সবুজ হোসেন শৈশব থেকেই কবিতা চর্চার মাধ্যমে বরুড়ায় পরিচিতি লাভ করেন। ইতোমধ্যে তার চারটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি একটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি বরুড়ার জনপ্রিয় এস এন অনলাইন টিভির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে সংযোগে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। স্থানীয় সাংবাদিক, সচেতন মহল ও সুশীল সমাজ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত