কুমিল্লার বরুড়া উপজেলার চোওরী গ্রামে দর্জি মোঃ মোবারক হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চোওরী বাজারে চোওরী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, মোঃ মোবারক হোসেন হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সেনাসদস্য কেফায়েত উল্ল্যাহ, শাকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জহির হোসেন ও কবির হোসেন, আবদুল মান্নান পাটোয়ারী, মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম, শশইয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মাসউদ আলম পাটোয়ারী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন মজুমদার, বেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, মোহাম্মদ হোসেন ও মাস্টার আবদুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে। এ জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত