বরিশাল প্রতিনিধি:
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের পরপরই আদালত এলাকায় বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনাটি তদন্ত শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, বরিশাল আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন দাবি করেন, ফ্যাসিস্টের দোসররা যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন। তাদের গ্রেপ্তার না করার কারণেই দেশ অশান্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্যেই ফ্যাসিস্টদের দোসররা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে তারা মনে করছেন। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর আসার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটি মহল পাঁয়তারা চালাচ্ছে।
এদিকে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত