মো. রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
আহত মো. হানিফ শেখ (৩৪) উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিউদ্দিন শেখের ছেলে। অভিযুক্ত স্ত্রী সুমাইয়া (২১) নগরকান্দা উপজেলার ফুলসুতি গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর গত ২৯ মে হানিফ ও সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা ভাঙ্গা পৌরসভার হুগরাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। হানিফের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে সুমাইয়ার আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।
সুমাইয়ার দাবি, বিয়ের সময় তিনি স্বামীকে প্রায় ৮ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল এবং তিনি মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে স্বামী হানিফ শেখের পুরুষাঙ্গ কেটে দেন সুমাইয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর সুমাইয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
আহতের বাবা মো. রফিউদ্দিন শেখ বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত