1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রচারকে কেন্দ্র করে বাউফলে সং.ঘ.র্ষ, লাঠিসোঁটা হাতে দুই পক্ষ—এলাকাজুড়ে থমথমে অবস্থা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
11

চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা; আহতদের হাসপাতালে ভর্তি, মামলার প্রস্তুতি

নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মূলভূখণ্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আহতদের মধ্যে রয়েছেন— জামাল মৃধা (২২), আমিনুল ইসলাম (৩৭), জুয়েল (৩৩), নয়ন (১৭), লিমা জাহান (২৫), শাহজালাল (২০), সুজন (২৬), শহিদুল বেপারী (২৭), হাফেজ আনিসুর রহমান (৫৫), আমিনুল মাতব্বর (৩০), সোহাগ (৩০), সাইফুল (৪০), জিসান (২৫), সজিব (১৭), রোজিনা বেগম (৩০), দেলোয়ার গাজী (৫৮)সহ অন্তত ২৫ জন।

তাদের মধ্যে গুরুতর আহত জামাল মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্য আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, জামায়াতের কয়েকজন কর্মী এলাকায় নির্বাচনী প্রচারে গেলে বিএনপির কিছু সমর্থক তাদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলে এবং কথাকাটাকাটির একপর্যায়ে হেনস্তা করে। এ সময় কাছাকাছি অবস্থান করা জামায়াতের আরও কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ঘটনার পর দুপুরে পৌর সদরে জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

এদিকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!