বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের দুইটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, গতকাল সোমবার মধ্যরাতে ঘটে যাওয়া এক মারামারির ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।
আহত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শামীম হোসেন, আইসিই ১৭তম ব্যাচের সোহাগ চাকমা, টিএইচএম ১৭তম ব্যাচের মাহমুদুল হাসান অন্তর, ডিবিএ ১৭তম ব্যাচের কাইফ হাসান, ডিবিএ ১৮তম ব্যাচের জহির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বিরের অনুসারী ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে বেশ কয়েকজন বহিরাগত অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালীন সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন।
সংঘর্ষের বিষয়ে জানতে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতেও কিছু সময় সংঘর্ষ চলতে থাকে।
পরে আহতদের চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং বহিরাগতদের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি প্রত্যক্ষ করতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই আমি নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছেন।’’
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান উপাচার্য।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত