স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক স্কুল শিক্ষককে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি জাফরগঞ্জ গার্লস স্কুলে কর্মরত। স্থানীয়ভাবে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি বিরোধ মীমাংসার উদ্দেশ্যে তাকে কৌশলে ডেকে নেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে দেবীদ্বার মোল্লা বাড়ী জামে মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ০১নং অভিযুক্ত তাকে তার ভাড়া বাসায় যাওয়ার অনুরোধ করে। সরল বিশ্বাসে তিনি ওই বাসায় গেলে পূর্বপরিকল্পিতভাবে সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পরে প্রবেশ করা একদল পুরুষ তাকে ঘিরে ফেলে।
এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা দাবি করে এবং অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক আপত্তিকর অবস্থায় নিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৭ হাজার ৫৩০ টাকা কেড়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিচিতজনদের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে আরও ২৫ হাজার টাকা আদায় করা হয়।
এতে থেমে না থেকে অভিযুক্তরা আরও এক লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং আগামী ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে ৫ লাখ টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী শিক্ষক আরও জানান, টাকা পরিশোধে ব্যর্থ হলে ধারণকৃত ভিডিও প্রকাশ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার এক পর্যায়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত