মোঃ রাকিব কচুয়া
সমাজসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে “একতা বন্ধন যুব সমাজকল্যাণ সংগঠন”। দান নয়, স্বাবলম্বিতা—এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি চালু করেছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ “চলমান কর্মসংস্থান প্রকল্প”, যা ইতোমধ্যেই আশার আলো জাগাচ্ছে অসচ্ছল মানুষের জীবনে।
সমাজে এমন অনেক মানুষ আছেন, যারা কাজ করার আগ্রহ ও সক্ষমতা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে পিছিয়ে পড়েন। তাদের কথা চিন্তা করেই “একতা বন্ধন” শুরু করেছে এই ছোট কিন্তু শক্তিশালী উদ্যোগ।
প্রকল্পের আওতায় প্রথম ধাপে একজন পরিশ্রমী ও অসচ্ছল ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে একটি অটোরিকশা। তিনি প্রতিদিন তার সামর্থ্য অনুযায়ী—সর্বনিম্ন ২০০ টাকা করে জমা দেবেন। ধীরে ধীরে অটোর সম্পূর্ণ মূল্য পরিশোধ হলে, সেই অটোরিকশার মালিকানাও তার হাতেই চলে যাবে। 
তবে এখানেই শেষ নয়—এই উদ্যোগের সবচেয়ে অভিনব দিক হলো এর ধারাবাহিকতা। উপকারভোগীর জমাকৃত অর্থ দিয়ে আবার নতুন করে আরেকজনের জন্য অটোরিকশা কেনা হবে। এভাবে তৈরি হবে একটি টেকসই কর্মসংস্থানের চক্র—
“একটি অটো থেকে আরেকটি অটো”, যা সমাজে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্যোক্তারা জানান, কিছু হৃদয়বান মানুষের আন্তরিক আর্থিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাদের এই সহায়তা এককালীন নয়, বরং এটি হয়ে উঠবে চলমান সওয়াবের এক মহৎ মাধ্যম—সদকায়ে জারিয়া, ইনশাআল্লাহ।
সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে—
“চলুন, আমরা সবাই মিলে দানের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াই।”