1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

তেল সংকটের অজুহাত চলবে না—শাহরাস্তিতে ইউএনও’র হঠাৎ অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
3

নিজস্ব রিপোর্টার

 

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে উপজেলার দুটি ফিলিং স্টেশন ও খুচরা তেল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।

এ সময় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গার হান্নান ফিলিং স্টেশন এবং ওয়ারুক স্টেশন বাজারের কাজী ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনে জানা যায়, যমুনা ও মেঘনা ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় হান্নান ফিলিং স্টেশনে ২৭ মার্চ দুপুর ১২টা থেকে এবং কাজী ফিলিং স্টেশনে ২৪ মার্চ থেকেই অকটেন বিক্রি বন্ধ রয়েছে।

তবে ২৭ মার্চ হান্নান ফিলিং স্টেশনে ৪ হাজার লিটার অকটেন সরবরাহ করা হলে তা রেশনিং পদ্ধতিতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের মধ্যে বিতরণ করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে উভয় স্টেশনেই অকটেন স্টক শেষ হলেও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

অভিযানকালে স্টক রেজিস্টার যাচাই করে জ্বালানি তেলের মজুদ সঠিক পাওয়া যায় বলে নিশ্চিত করা হয়।

এ সময় পাম্প মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়—কোনো অবস্থাতেই জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা যাবে না এবং অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না।

উপজেলা প্রশাসন জানায়, কেউ যদি জ্বালানি তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

এছাড়া উপজেলার বিভিন্ন বাজারে খুচরা তেল বিক্রয় কেন্দ্রগুলোতেও তল্লাশি চালিয়ে মজুদ পরিস্থিতি ও মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!