চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অনুমোদনবিহীন ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল ও মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ড্রেজার অকেজো এবং অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে কৃষিজমির টপসয়েল থেকে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে অভিযুক্ত মো. রাজু (২২), পিতা/ঠিকানা: রায়শ্রী উত্তর-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মনোহরপুর এলাকায় তিনটি ড্রেজার অকেজো করা হয়। এছাড়া নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
অভিযানে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমির মাটি কেটে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত