স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি গ্রেফতাররা। 
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় সিলেট-কুমিল্লা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি বিশেষ টিম জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছে।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ৬টি মোটরসাইকেলে ৯ জন ব্যক্তি ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে কোনো বৈধ রেজিস্ট্রেশন কিংবা মালিকানাসংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন— কামিম আহম্মদ (২৮), আব্দুল করিম (৩০), সাইদুল ইসলাম (২২), পাবেল আহম্মদ (২৬), হোসাইন (২৩), রিপন চন্দ্র দাস (২৯), রাজু আহম্মদ (২৮), আবিদুল ইসলাম (২৮) ও কাওছার হোসেন (২৬)।
অভিযানে উদ্ধার করা হয়েছে—
১. একটি রেজিস্ট্রেশনবিহীন নীল-সাদা রঙের Yamaha R15 মোটরসাইকেল।
২. একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Yamaha MT15 মোটরসাইকেল।
৩. একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের Yamaha R15 মোটরসাইকেল।
৪. একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Yamaha MT15 মোটরসাইকেল।
৫. একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের Yamaha R15 মোটরসাইকেল।
৬. একটি রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের Yamaha R15 মোটরসাইকেল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত