1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে দফায় দফায় সং.ঘ.র্ষ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
26

ডেক্স রিপোর্ট

 

ঝিনাইদহে ৩টি আসনে নির্বাচন পরবর্তী হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জে হামলায় স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রতীকের প্রায় ২৮ জন সমর্থক ও ধানের শীষ প্রতীকের ২ জন সমর্থক আহতসহ স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী অফিস ভাঙচুর করা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-৪ নির্বাচনী বিভিন্ন এলাকায় ওইসব হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে জামায়াত প্রার্থী আবু তালিব বিজয়ী হয়। স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের রাশেদ খান সমর্থকেরা গভীর রাত থেকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে।

এরপর শুক্রবার সকাল থেকে কোলা, জামাল, নিয়ামতপুর, নলডাঙ্গা ইউনিয়ন ও কালীগঞ্জ শহরে দফায় দফায় হামলা শুরু হয়। বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ৩ জনকে কুপিয়ে জখম করা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একইভাবে উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে প্রায় ২৮ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ২ জন ধানের শীষের সমর্থক আহত হন। আহতদের মধ্যে সাবেক বহিষ্কৃত পৌর বিএনপির নেতা জবেদ আলী, ছাত্রদল নেতা ইভন, খোকন ও মোশারেফ শেখসহ একাধিক ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজ বলেন, অন্যায়ভাবে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মী সমর্থকদের কুপিয়ে জখম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থানা পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে এ আসনের বিভিন্ন এলাকার আমার কর্মী সমর্থকদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে তারা।

এসব অভিযোগের বিষয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, কে বা কারা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে আমার জানা নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাই হোসেন জানান, বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এ ছাড়া ঝিনাইদহ-২ আসনে দোকানে হামলা-ভাঙচুর করা হয়েছে। ‍মারধরে একজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর উপজেলা শহরে অবস্থিত প্রেস ক্লাবে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!