জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হয়ে এক যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, জাহিদুল ইসলাম (৩৫) নামের ওই যুবকের বাড়ি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মহীপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তিনি নিজের শরীরে দুধ ঢালছেন।
এ সময় জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন জুয়া খেলার কারণে তার সংসার ও আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। তাই তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন।
স্থানীয় সূত্র জানা যায়, অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তিনি। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে প্রায় ২০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নিজের ভুল প্রকাশ্যে স্বীকার করা সহজ নয়। তবে তিনি যদি সত্যিই জুয়া থেকে সরে আসতে পারেন, সেটিই ইতিবাচক দৃষ্টান্ত হবে।
এ বিষয়ে পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হান জানান, জুয়া সম্পূর্ণ অবৈধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত