কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে ২ শিশুসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে চৌদ্দগ্রাম মডেল থানাধীন ফেনী সীমান্তবর্তী আলকরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পদুয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একদল ব্যক্তি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় সমবেত হয়। এ সময় তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দাহ্য পদার্থ (মবিল) নিয়ে এসে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি ও নাশকতার চেষ্টা চালায়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার মোবাইল-৩ ডিউটি অফিসার এসআই শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় জনসাধারণের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা এলাকার কাজী কামালের ছেলে কাজী মনা (২০), ছিনাইমুড়ি এলাকার মোঃ বাবুলের ছেলে মোঃ হাসান (২০), শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার মৃত শহিদের ছেলে মোঃ সজিব (২০), ফেনী পৌরসভার শান্তি কোম্পানী রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২০), চৌদ্দগ্রামের আশফালিয়া এলাকার সাইফ উদ্দিন ভূঁইয়ার ছেলে ইলহাম (১৫) এবং ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ আল আমিন (১৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা পুলিশ আরও জানিয়েছে, মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত