চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ চার পুলিশ সদস্য এবং কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের পর নগরের দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে এ সংঘর্ষ হয়।
পরে শ্রমিকেরা নগরের কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন। এসব স্থান থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস চলাচল করে। অবরোধের কারণে ওই সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ জানায়, সকাল থেকে ভোট গ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনার কারণে ভোট দিতে দেরি হওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন শ্রমিকের সঙ্গে অপর একটি পক্ষের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। ভোটকেন্দ্রের অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই ঘটনার সূত্রপাত বলে জানান তিনি।
চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, সংঘর্ষে তাদের পর্যবেক্ষক দলের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত